ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রাকিব হায়দারকে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহিদ হোসেন খসরু জানান, গতকাল বুধবার মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাসার মজুমদার ও পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজেশ চৌধুরীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউএনও রাকিব হায়দারকে মারধরের ঘটনায় করা মামলায় এর আগে গ্রেপ্তার ছয়জনকে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত পাঁচ কার্যদিবসের মধ্যে তাঁদের কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ ছাড়া খায়রুল বাশার মজুমদার অসুস্থ থাকায় তাঁর সুচিকিৎসার আদেশ দেন আদালত।
গত ৬ মে সকালে ফেনীর পরশুরামের ধনিকুন্ডা রাস্তার মাথায় এলাকায় ইউএনওকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। তিনি বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ইউএনওর গাড়িচালক আবুল কাশেম সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে পরশুরাম মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।