যশোরে সাংবাদিক জামাল উদ্দীন হত্যা মামলার প্রধান আসামি খলিলুর রহমান মল্লিক ওরফে তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) একটি দল রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।এদিকে পুলিশ সদরের নির্দেশের ২৪ দিন পর গতকাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জামাল উদ্দীন হত্যা মামলার তদন্তকাজ শুরু করেছে বলে জানা গেছে।তোতা মিয়ার বাড়ি যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল র্যাবের পক্ষ থেকে তোতা মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে পাঠানো হবে। ওসি জানান, এ পর্যন্ত সাংবাদিক জামাল উদ্দীন হত্যা মামলায় এজাহারভুক্ত সাতজন আসামির মধ্যে তোতা মিয়াসহ চারজন গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন তোতা মিয়ার স্ত্রী লতা বেগম, ভাই রাজু মল্লিক ও উকিল মল্লিক। এ ছাড়া ঘটনায় জড়িত সন্দেহে শার্শার কাশিপুর বাজারের চায়ের দোকানি দোলায়ার ও সালতা গ্রামের মিলনকে আটক করে কারাগারে পাঠানো হয়।জামাল উদ্দীন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার শার্শা উপজেলার কাশিপুর প্রতিনিধির দায়িত্ব পালন করতেন। গত ১৫ জুন রাতে সন্ত্রাসীদের হাতে তিনি নৃশংসভাবে খুন হন। গত ৭ সেপ্টেম্বর প্রথম আলোর প্রথম পাতায় ‘যশোরে সাংবাদিক খুনের ঘটনায় পুলিশ জড়িত’ ও ‘পুলিশ-খুনি ফোনালাপ’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়। এরপর পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক সরেজমিন তদন্তে আসেন।পুলিশের তদন্তের ওপর আস্থা না থাকায় নিহত সাংবাদিক জামাল উদ্দীনের বাবা আবদুল আলিম মামলার তদন্তের দায়িত্ব র্যাবের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে ১১ সেপ্টেম্বর যশোর আদালতে আবেদন করেন। এর আগের দিন ১০ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে এক নির্দেশে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়।