নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা এক পিকআপ ভ্যানের চালককে (৩০) প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে ওই দিন রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কচুয়া গ্রাম থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই পিকআপ ভ্যানের চালকের বাড়ি কিশোরগঞ্জের রণচি ইউনিয়নে।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের অবিলের বাজারের অদূরে গত বুধবার বিকেলে ওই ছাত্রীকে শরীরে কাদা-মাটি ও রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন এক নারী। পরে ওই ছাত্রীর কাছ থেকে সব শুনে তিনি (নারী) স্থানীয় লোকজনের সহায়তায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীর বাবা থানায় ওই মামলা করেন।
ছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়ে নানার বাড়িতে থেকে একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ে। বুধবার দুপুরে মাদ্রাসা ছুটির পর সে হেঁটে নানার বাড়ি ফিরছিল। এ সময় তার সঙ্গে দেখা হয় পূর্বপরিচিত ওই পিকআপ ভ্যানের চালকের সঙ্গে। ওই চালক তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে দুই যুবকের সহায়তায় একটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মেয়েটির অভিযোগ অনুযায়ী, আসামিদের শনাক্ত করা হয়। পরে মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে গঙ্গাচড়ার কচুয়া গ্রাম থেকে ওই চালককে গ্রেপ্তার করা হয়। অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ওই চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেন গতকাল শুক্রবার সকালে বলেন, ‘প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপত্তাসহ সব রকম সহযোগিতা দিচ্ছি।’ এ ছাড়া গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারীর পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
গতকাল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘নীলফামারীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।