প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের ভজিটিলা এলাকায় অবস্থিত শাহ্ জোবেদ আলীর (র.) মাজার থেকে টাকা লুটের ঘটনায় করা মামলার প্রধান আসামি আনা মিয়াকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আনার বাড়ি স্থানীয় ভবানীপুর গ্রামে। তাঁর বাবা বদরুল আলম জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) মাজারে বার্ষিক ওরস চলছিল। ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে আনার নেতৃত্বে কয়েকজন মাজারের কার্যালয়ে ঢুকে ‘ক্যাশবাক্স’ কেড়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় বাধা দিলে তাঁদের হামলায় তিন ব্যক্তি আহত হন। পরে ওই যুবকেরা ‘ক্যাশবাক্স’ ভেঙে প্রায় দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যান। এ ঘটনায় ওরস পরিচালনা কমিটির সদস্য সাইফুর রহমান বাদী হয়ে পরদিন শুক্রবার আনাসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে জুড়ী থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর আনা গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন, তাঁরা টাকা-পয়সা লুট করেননি। ওরস কমিটির কয়েকজন লোকের সঙ্গে তাঁদের শুধু বাদানুবাদ হয়েছে। পূর্ববিরোধের জের ধরে স্থানীয় সাংসদের এক ঘনিষ্ঠ আত্মীয় তাঁদের ফাঁসিয়েছেন।