ঢাকার সাভারের ব্যাংক কলোনিতে তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বরগুনা সদর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে সাভার থানার পুলিশ। গতকাল বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। জাহিদুল সাভার বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞানের ছাত্র। এ নিয়ে এই মামলায় এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গত বছরের ২৫ নভেম্বর সাভারের এক তরুণীকে ব্যাংক কলোনির একটি মেসে নিয়ে ধর্ষণ করেন জাহিদুল। এ সময় তাঁর সহযোগীরা ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করেন। পরে তাঁরা মেয়েটির পরিবারের কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়া হলে ওই ভিডিওচিত্র বাজারে ছেড়ে দেওয়ার হুমকি দেন তাঁরা। এ ঘটনায় মেয়েটির মা সাভার থানায় একটি মামলা করেন। পুলিশ সুপার আরও জানান, সাভার থানার পুলিশ এর আগে মামলার এজাহারভুক্ত আসামি আসাদুজ্জামান (৩৫), রায়হান হোসেন (২২), মহিদুর রহমান (২০), মো. ওয়াসিম (২০) ও এক নারীকে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার মামলার প্রধান আসামি জাহিদুলকে বরগুনা সদরের খেজুরতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জাহিদুল ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তিনি পরিকল্পিতভাবে মেয়েটিকে সাভারের ব্যাংক কলোনির একটি মেসে নিয়ে ধর্ষণ করেন। আর আসাদুজ্জামান এ সময় ভিডিওচিত্র ধারণ করেন এবং পরে ভিডিওচিত্র বাজারে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীটির মায়ের কাছে টাকা দাবি করেন। আর গ্রেপ্তার হওয়া অন্যরা এ ঘটনায় সহযোগিতা করেছেন।