লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহসম্পাদক মুসফিক রহমান (১৯) হত্যা মামলার প্রধান আসামি নাজিম উদ্দিনকে (১৯) গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে আদিতমারী থানা-পুলিশ। তিনি গতকাল রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফেরদৌসী বেগমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আদিতমারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল হক বলেন, শনিবার রাত আটটার দিকে নাজিম উদ্দিন জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নিজের পরিচয় দিয়ে তাঁকে বলেন, ‘আমি ছাত্রলীগ নেতা মুসফিককে হত্যা করেছি। আমাকে গ্রেপ্তার করুন।’ তাঁকে গ্রেপ্তার করে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য লালমনিরহাট পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে পাঠানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে এসপি এস এম রশিদুল হক প্রথম আলোকে বলেন, নাজিম জানিয়েছেন, প্রেমঘটিত কারণে মুসফিক প্রায়ই নাজিমের কাছ থেকে টাকাপয়সা আদায় করতেন। প্রায় তিন মাস আগে নাজিম চট্টগ্রাম চলে যান। দু-এক দিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন। গত বৃহস্পতিবার রাতে মুসফিক দুই সঙ্গীকে নিয়ে নাজিমের সঙ্গে দেখা করতে আদিতমারীর ত্রিমোহিনী সেতু বাজার এলাকায় যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মুসফিককে নাজিম ছুরিকাঘাত করে পালিয়ে যান। এলাকাবাসী মুসফিককে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শুক্রবার রাতে নাজিম উদ্দিন, মেহেদী হাসান ও রাজিন আহম্মেদকে আসামি করে মামলা করেন মুসফিকের চাচা আক্তার হোসেন। এর আগে মেহেদী ও রাজিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, মুসফিক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া নাজিমকে গতকাল আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।