প্রধান আসামি গ্রেপ্তার হননি মাদক ব্যবসা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসার প্রতিবাদ করার জের ধরে গত ১৬ জুলাই মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের নীলগ্রাম গ্রামের আবদুল মালেককে (৩০) কুপিয়ে হত্যা করা হয়।এরপর প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ‘মাদক ব্যবসায়ী’ আজাহার উদ্দিনকে গ্রেপ্তার করতে পারেনি। বন্ধ হয়নি মাদক ব্যবসা। পলাতক থাকলেও আজাহার তাঁর লোকজন দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হুমকির মুখে বাড়িছাড়া হয়েছে মালেকের পরিবার। পুলিশ, নিহতের পরিবার ও এলাকার অনেকের অভিযোগ, দীর্ঘদিন ধরে নীলগ্রামের আজাহার উদ্দিন (৪৫) ও তাঁর কয়েকজন সহযোগী এলাকায় ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা করে আসছেন। এসব মাদকদ্রব্য প্রতিবেশী মালেকের বাড়ির চারপাশে লুকিয়ে রাখতেন মাদক ব্যবসায়ীরা। এরপর সেগুলো বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। এর প্রতিবাদ করায় মালেকের ওপর ক্ষুব্ধ ছিলেন আজাহার। এ কারণে প্রায় দুই বছর আগে মালেকের ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেন আজাহার। ওই ঘটনায় থানায় করা মামলায় আজাহারকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। এর পর থেকেই আজাহার আপস করার জন্য মালেকের পরিবারের ওপর চাপ দিয়ে আসছিলেন। কিন্তু মালেক ও তাঁর স্ত্রী সেলিনা বেগম আপস করতে রাজি হননি।এসব ঘটনার জের ধরে গত ১৬ জুলাই রাত একটার দিকে আজাহার ১০-১২ জন সহযোগী নিয়ে মালেকের বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় আজাহার মালেককে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। বাধা দিলে হামলাকারীরা তাঁর স্ত্রী সেলিনা বেগম, দুই ভাই কাউসার ও সায়েদ এবং ভাবি ইয়াসমিনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশী ও স্বজনেরা মালেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে গত ১৮ জুলাই প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সরেজমিন এলাকাবাসী, জনপ্রতিনিধি ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ বছর ধরে নীলগ্রাম গ্রামের আজাহার উদ্দিন মাদক ব্যবসা করে আসছেন। মাদকের বড় চালান তিনি ফরিদপুর ও রাজবাড়ী থেকে নদীপথে নিয়ে আসেন। এসব মাদকদ্রব্য তিনি এলাকায় ওহাব মুন্সী ও জলিল শেখ নামের দুজন ব্যক্তির বাড়িতে রেখে বিক্রি করে আসছেন। শিবালয় ও হরিরামপুর উপজেলাসহ ঢাকার সাভারে ফেনসিডিলের বড় চালানের জোগান দেন তিনি। তাঁর বিরুদ্ধে শিবালয় থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হন। কিন্তু জামিনে ছাড়া পেয়ে তিনি পুনরায় একই ব্যবসা শুরু করেন। বর্তমানে আজাহার পলাতক। কিন্তু তিনি সেকেন্দার ওরফে সেকেন ও আজিজ শেখ নামের দুই ব্যক্তির মাধ্যমে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। উলাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল ইসলাম বলেন, তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ব্যবসায়ীদের তৎপরতার বিষয়টি উত্থাপন করেন। পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে মালেক হত্যাকাণ্ডের পর থেকে আসামি আজাহার ও তাঁর সহযোগীদের হুমকির মুখে মালেকের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। মুঠোফোনে মালেকের ভাই কচিমুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মালেক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ছয় আসামির চারজনই জামিনে ছাড়া পেয়েছেন। তাঁরা প্রায়ই আমাদের হুমকি দিচ্ছে। এ কারণে বৃদ্ধ মা ও স্ত্রী-সন্তানদের নিয়ে আমি এক আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছি।’এ ব্যাপারে জানতে চাইলে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আজাহারের বিরুদ্ধে এই থানায় একটি হত্যা ও তিনটি মাদকের মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হুমকির বিষয়টি মালেকের পরিবারের সদস্যরা থানায় জানাননি।