লালমনিরহাটের আলোচিত বাল্যবিবাহের ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি আবদুর রহিম (৩২) গ্রেপ্তারের তিন দিনের মাথায় জামিনে বেরিয়ে এসেছেন। গত বুধবার তিনি মুক্তি পান।
এর পর থেকে তিনিসহ অন্য আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বাদীর পরিবার গত বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
এ ব্যাপারে বাল্যবিবাহের শিকার ওই ছাত্রীর বাবা বলেন, ‘আবদুর রহিমকে ১ নরভম্বর রাতে গ্রেপ্তার করা হয়। এর তিন দিন পর তিনি আদালত থেকে দুটি মামলায় জামিন পেয়ে গ্রামে ফিরে এসেছেন। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনিসহ অন্য আসামিরা আগে থেকেই আমাদের নানাভাবে হুমকি দিচ্ছেন। এখন হুমকির মাত্রা আরও বেড়ে গেছে।’
এ ব্যাপারে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘মামলা তুলে নিতে আসামি আবদুর রহিমের পরিবারের সদস্যরা হুমকি-ধমকি দিচ্ছে বলে বাল্যবিবাহের শিকার ওই মেয়েটির পরিবারের সদস্যরা বুধবার দুপুরে জানিয়েছেন। আমি তাঁদের সহায়তার আশ্বাস দিয়েছি।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২৬ জুন লালমনিরহাট সদর উপজেলার খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবদুর রহিম (৩২) একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন এবং ১১ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ বাতিল করেন।
১১ আগস্ট প্রথম আলোয় ‘পঞ্চম শ্রেণির ছাত্রীকে সভাপতির বিয়ে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাল্যবিবাহ নিরোধ আইনে এবং ওই ছাত্রীর বাবা ১৭ আগস্ট আবদুর রহিমকে প্রধান আসামি করে লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক মামলা করেন।