কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছেচড়াপুকুরিয়া গ্রামের গৃহবধূ শাহিনা আক্তার হত্যা মামলার প্রধান আসামি ইজ্জত আলীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বড়কল এলাকার একটি কাঠের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ইজ্জত আলী শাহিনার স্বামীর চাচাতো ভাই। তিনিও ছেচড়াপুকুরিয়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে ওই মামলার দুই আসামি গ্রেপ্তার হলেন। মামলার তদন্ত কর্মকর্তা ও দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ বলেন, শাহিনা আক্তারকে হত্যার পর সহযোগীদের নিয়ে লাশ ৮০ ফুট গভীর পাইপের ভেতর ঢুকিয়ে রাখেন ইজ্জত আলী। এরপর তিনি দেবীদ্বার থেকে পালিয়ে গিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বড়কল এলাকায় অবস্থান নেন। সেখানে তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। গত শুক্রবার বিকেলে মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই জায়গায় তাঁর অবস্থান চিহ্নিত করে দেবীদ্বার থানা-পুলিশ। এরপর চট্টগ্রামে গিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ মার্চ গৃহবধূ শাহিনা আক্তারের (৩৫) লাশ পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ৮০ ফুট ভেতর থেকে উদ্ধার হয়। স্বামীর ভাড়াটে খুনিরা তাঁকে হত্যার এক মাস সাত দিন পর লাশ পাওয়া যায়।