প্রধান আসামি ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্যবসায়ী আহসান হাবিব হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেলসহ (৩৫) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন হত্যা মামলার ৯ নম্বর আসামি সাইফুল ইসলাম (২০) ও শওকত (২২) নামের সন্দেহভাজন এক ব্যক্তি।
আজ শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার মৌচাক এলাকার আনারকলি মার্কেট থেকে রাসেল ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তবে শওকত উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন। হত্যাকাণ্ডের আট দিন পর তাঁরা ধরা পড়লেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন প্রথম আলোকে বলেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞার নেতৃত্বে পুলিশের দুটি দল ও গোয়েন্দা পুলিশ (ডিবি) আনারকলি মার্কেটের চারতলা থেকে দুজনকে ও উত্তরা থেকে একজনকে গ্রেপ্তার করে। তাঁদের ঢাকা থেকে কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা প্রথম আলোকে বলেন, ‘পুলিশ গত আট দিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে। বারবার অবস্থান বদল করায় আসামি গ্রেপ্তার করা যায়নি। অবশেষে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হল। এর মধ্যে এজাহারভুক্ত দুজন আসামি রয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের চাচাতো ভাইয়ের ছেলে আহসান হাবিবকে গত ২৯ মে কুমিল্লা নগরের মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকায় গুলি করে হত্যা করেন ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই হাবিবুছ সায়েরীন ওই রাতেই কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।