মৌলভীবাজারের জুড়ী উপজেলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী আশফাক আহমদ চৌধুরীকে (৪৩) হত্যার মামলার প্রধান আসামি আশফাকের ছোট ভাই জাকারিয়া আহমদ চৌধুরীকে (৪০) চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আশফাকদের বাড়ি উপজেলার পূর্ব শিলুয়া গ্রামে। তিনি (আশফাক) স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতেন। সম্প্রতি তিনি একা দেশে ফেরেন। আশফাক পূর্ব শিলুয়ার বাড়িতে একা থাকতেন। তাঁদের পরিবারের অন্য সদস্যরা পাশের কুলাউড়া উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় আরেকটি বাসায় থাকেন। ১২ ফেব্রুয়ারি পুলিশ শয়নকক্ষের লাগোয়া গোসলখানার মেঝেতে অগ্নিদগ্ধ অবস্থায় আশফাকের লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি তাঁদের আরেক ভাই সাহেদ দেলওয়ার চৌধুরী বাদী হয়ে জাকারিয়াকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে জুড়ী থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে জাকারিয়া খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এবং ঘরে আগুন লাগিয়ে পরিকল্পিতভাবে আশফাককে হত্যা করেছেন। পুলিশ জানায়, জাকারিয়ার বিরুদ্ধে থানায় চাঁদাবাজিরও একটি মামলা আছে। জুড়ী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘হত্যা মামলায় জাকারিয়া উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছেন। সে কারণে তাঁকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার হাজতে পাঠানো হয়েছে।’