প্রধান আসামি জামিনে, মামলা করলেন যুবলীগ নেতাদের নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলম ওরফে পলাশ হত্যা মামলার প্রধান আসামি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জামিন নিয়ে এসে যুবলীগ-ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা করেছেন। মামলায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। ১৬ ডিসেম্বর ওই মামলা করা হয়। খুনের মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে ওই মিথ্যা মামলা করা হয় বলে যুবলীগের নেতারা অভিযোগ করেছেন। এর আগে ১৩ ডিসেম্বর হাইকোর্ট থেকে দুই মাসের জামিন নেন সাজ্জাদ হোসেন।মামলার আসামিরা হলেন: বুড়িচং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান খান ওরফে রুমেল, উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান খান, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল খান, উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা কামাল, যুবলীগের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাছির খান, বাকশিমুল ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগের সদস্য ফারুক খান, ছাত্রলীগের সহসভাপতি বিল্লাল হোসেন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা যুবলীগ দপ্তর সম্পাদক মাহাবুব, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সভাপতি জালাল, বুড়িচং সদর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি তারু মিয়া, উপজেলা কৃষক লীগের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য কাজী আবদুল জলিল, বাকশিমুল ইউনিয়ন যুবলীগের সদস্য সেলিম খান, উপজেলা যুবলীগের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগের সদস্য বাকশিমুল ইউনিয়ন ছালাম খান, উপজেলা যুবলীগ সদস্য খোরশেদ আলম খান ও জাহাঙ্গীর কাজী এবং ষোলনল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল হোসেন। মামলার এজাহারে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন উল্লেখ করেন, ‘৩ ডিসেম্বর বেলা আনুমানিক তিনটার দিকে যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেনের নির্দেশে ওই আসামিরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র, রামদা, কিরিচ, হকিস্টিক নিয়ে উপজেলা পরিষদে আমার কার্যালয়ে প্রবেশ করেন। তাঁরা সেখানে বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। আসামিরা এক ঘণ্টায় পাঁচ লাখ টাকার জিনিসপত্র ভাঙচুর করেন। তাঁরা ৪ ডিসেম্বর আনুমানিক আড়াইটায় পেট্রল ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্য দিয়ে বাদীর (সাজ্জাদ) কার্যালয়ের বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে দেন। এতে করে দুই লাখ টাকার ক্ষতি হয়।’ সাজ্জাদ হোসেনের দাবি, ‘ছাত্রলীগের নেতা সারওয়ার হত্যাকাণ্ডে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার কার্যালয় ভাঙচুরের কারণে মামলা করেছি।’ জানতে চাইলে বুড়িচং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘খুনিদের যদি দল পোষণ-তোষণ করে, তবে আমরা গণপদত্যাগ করব। খুনের প্রতিবাদ করা নৈতিক ও মানবিক দায়িত্ব। জনগণকে সঙ্গে নিয়ে আমরণ খুনের প্রতিবাদ করে যাব।’ তিনি আরও বলেন, খুনিদের বিচারের দাবিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যেসব নেতা-কর্মী আন্দোলন করেছেন, তাঁদের মামলার আসামি করা হয়েছে। এটি মিথ্যা মামলা। খুনের মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ওই মামলা করা হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল আলম বলেন, ‘আমি এখানে নতুন যোগ দিয়েছি। মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’৩ ডিসেম্বর দুপুরে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সামনে প্রকাশ্য দিবালোকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলমকে ছুরি মেরে হত্যা করে দলীয় প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় নিহতের মা আমির চান বেগম ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।