প্রধান আসামি জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে ব্যবসায়ী সাদিকুর রহমান (৫৫) ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসের হত্যাকারী রুবেল ও তাঁর বন্ধু মিথুন চন্দ্র জামিনে গতকাল বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন। ছোট মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ২৪ মার্চ রুবেল ওই দম্পতিকে গুলি করে হত্যা করেন।এ ঘটনার পর রুবেল ও মিথুনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর ডিবির সংবাদ সম্মেলনে রুবেল ঘটনা স্বীকারও করেন। পরবর্তী সময়ে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।কারা সূত্র জানিয়েছে, হাইকোর্টের জামিন পেয়ে গতকাল বৃহস্পতিবার রুবেল ও মিথুন কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন।জানা যায়, নার্সারি ব্যবসায়ী সাদিকুর রহমান পরিবার নিয়ে কালাচাঁদপুরে বাস করতেন। তাঁর ছোট মেয়ের সঙ্গে রুবেলের আগে থেকে পরিচয় ছিল। গত বছরের ২৪ মার্চ সকালে মিথুনকে সঙ্গে নিয়ে রুবেল ওই বাসায় যান। তিনি সাদিকুর রহমানের কাছে তাঁর ছোট মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন। সাদিকুর রাজি না হলে বাগিবতণ্ডার একপর্যায়ে রুবেল সঙ্গে নিয়ে যাওয়া অবৈধ রিভলবার দিয়ে ওই দম্পতিকে গুলি করে খুন করেন।এ ঘটনার পর রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও একটি হত্যা মামলা দায়ের করা হয়। অস্ত্র মামলাটিতে এর আগেই জামিন পান রুবেল। সম্প্রতি হাইকোর্ট থেকে হত্যা মামলায়ও জামিন পান তিনি। এ ঘটনায় রুবেল, মিথুনসহ আগ্নেয়াস্ত্র সরবরাহকারী ও তাঁদের আশ্রয়দাতা হিসেবে মোট পাঁচজনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ, র‌্যাব ও ডিবি। এদিকে রুবেল জামিন পাওয়ায় নিহত দম্পতির মেয়েরা শঙ্কিত হয়ে পড়েছেন। ওই দম্পতির তিন মেয়ে ও এক ছেলের মধ্যে বড় মেয়ে ও ছেলে প্রবাসে থাকেন। দুই মেয়ে ও পুত্রবধূ ঢাকায় একটি ভাড়া বাসায় থাকেন। গতকাল তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, রুবেল গতকাল সন্ধ্যায় তাদের নর্দ্দার বাসায় ফিরেছে। তাঁরা জানান, বিভিন্ন সময় রুবেলের পরিবারের পক্ষ থেকে মামলা তুলে নিয়ে বিষয়টি মীমাংসা করে ফেলার জন্য হুমকি দেওয়া হয়েছে।