টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামে তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি আবুল কালামকে (৪৫) গ্রেপ্তার করেছে। তিনি মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমের চাচা।
গত রোববার রাতে ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, আবুল কালাম ওই এলাকায় তাঁর ভায়রার বাসায় অবস্থান করছিলেন। গ্রেপ্তারের পর তিনি তথ্য দেওয়াতে রিমান্ডের আবেদন ছাড়াই গতকাল সোমবার তাঁকে টাঙ্গাইলের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তবে আবুল কালাম কী তথ্য দিয়েছেন, তা জানাতে রাজি হননি তদন্ত কর্মকর্তা।
এ ঘটনায় এ পর্যন্ত এজাহারভুক্ত দুই আসামিসহ ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু প্রধান আসামি জাহাঙ্গীর আলম এখনো গ্রেপ্তার হয়নি।
ইতিমধ্যে জাহাঙ্গীরকে ধরতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত ৬ অক্টোবর সোমবার রাতে সোহাগপাড়া গ্রামে মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) এবং তাঁর তিন মেয়ে উপজেলার গোড়াই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাক্প্রতিবন্ধী মীম আক্তার (১০) ও ব্র্যাক স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী মলি আক্তারকে (৭) ঘরে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ওই গ্রামের জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন মজিবর রহমানের শ্যালক মোফাজ্জল হোসেন।