কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলা মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে জেলা যুবলীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি এ কে সিদ্দিক ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ নভেম্বর রাতে সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় জাহিদুলের সম্পৃক্ততার অভিযোগ আসায় তাঁকে জেলা যুবলীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁকে যুবলীগের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।আসামি জাহিদুল এর আগে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।এদিকে জাহিদুলসহ মামলার তিন আসামিকে রিমান্ড শেষে গতকাল শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, জাহিদুল ইসলামের চার দিন, জামিরুল ইসলাম ওরফে বোমারু মরু ও মিন্টুর তিন দিনের রিমান্ড শেষে গতকাল বিকেলে কুষ্টিয়া (দৌলতপুর) বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) জাহির হোসেন আসামি জাহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবার রিমান্ডের আবেদন করেন। আদালতের জ্যেষ্ঠ হাকিম তৌহিদুল ইসলাম কাল রোববার রিমান্ডের শুনানির দিন ধার্য করে তিন আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।ওসি হাসান বলেন, জাহিদুল পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বোমা হামলায় সাংসদ আফাজের ছেলে আরিফ আহমেদ নিহত হলে তিনি এলাকায় সব ধরনের দরপত্র নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু তিনি চার দিনের রিমান্ডে যেসব তথ্য দিয়েছেন, আদালতে এসে তা অস্বীকার করছেন। জাহিদুল এর আগে ১৯৯৪ সালে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক বাসভবনে ডাকাতি করেছিলেন। তখনো তিনি থানায় ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে অস্বীকার করেছিলেন।বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠায় এর আগে ২১ নভেম্বর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামারুল আরেফিনকে দল থেকে বহিষ্কার করা হয়।