প্রধান আসামি জয়নুলকে পুলিশে দিল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারের চারখাই ইউনিয়েনের একটি গ্রামে এসএসসি উত্তীর্ণ দুই বোনকে ধর্ষণ মামলার প্রধান আসামি জয়নুলকে (৩৫) জনতা ধরে পুলিশে দিয়েছে। গত মঙ্গলবার রাত নয়টার দিকে বিয়ানীবাজারের পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার দেউলগ্রামে একটি ঘরে জয়নুলকে আটকে রেখে জনতা পুলিশে খবর দেয়। পুলিশ সেখান থেকে তাঁকে নিয়ে গ্রেপ্তার দেখায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, জয়নুলকে গতকাল বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে। আগামী রোববার রিমান্ড প্রার্থনার শুনানি হবে।
গত ২৫ মে ভোররাতে মা-বাবাকে বেঁধে রেখে দুই বোনকে ধর্ষণ করে পাঁচ দুর্বৃত্ত। এ ঘটনায় পরদিন মামলা হলে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। এর মধ্যে সেলিম নামের এক আসামি ধর্ষণের ঘটনা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। জবানবন্দিতে ধর্ষণের মূল হোতা জয়নুল বলে উল্লেখ করা হয়।
এদিকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার দুপুরে স্থানীয় কাকুরা বাজারে শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।