দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আদিবাসী ঢুডু সরেন হত্যা মামলার প্রধান আসামি আবদুল গোফ্ফারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গোফ্ফার উপজেলার কুশদহ ইউনিয়নের খালিপুর (হাড়িয়াদহ) গ্রামের বাসিন্দা।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, গতকাল থেকে গোফ্ফারকে দুই দিনের রিমান্ডে আনা হয়েছে। গত বৃহস্পতিবার আদালতে তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি কার্যালয় সূত্রের বিবরণ অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২ আগস্ট উপজেলার হিলিরডাঙ্গা বাজারের গোফ্ফারের বাড়িতে গোফ্ফার ও তাঁর পরিবারের সদস্যরা ঢুডু সরেনকে কুপিয়ে হত্যা করেন। ওই দিন রাতেই ঢুডুর বড় ছেলে রবি সরেন বাদী হয়ে গোফ্ফার, তাঁর বড় ভাই আজাহার আলী, ছোট ভাই দেলওয়ার হোসেন, আবদুল হালিমসহ পরিবারের আট সদস্য ও অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।