নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া গ্রামের শামসুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শুকুর আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাগাতিপাড়ার মুখ্য বিচারিক হাকিম গতকাল বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা গেছে, শুকুরকে (৩২) গতকাল দুপুরে বাগাতিপাড়ার মুখ্য বিচারিক হাকিম রওশন আলমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শুকুরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ২৬ ডিসেম্বর শামসুল নিখোঁজ হন। ২ জানুয়ারি সকালে নিজ গ্রামের বড়াল নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই বাগাতিপাড়া থানায় একই গ্রামের শুকুরসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। সেদিন সন্ধ্যায় এ মামলার এক আসামিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার শুকুরকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম গতকাল প্রথম আলোকে জানান, আজ শুক্রবার সকাল থেকে শুকুরকে জিজ্ঞাসাবাদ করা হবে।