চট্টগ্রামের মিরসরাই থানার সহকারী উপপরিদর্শক (এসআই) বোরহানউদ্দিন মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে নিহত হওয়ার পর প্রায় সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এ হত্যা মামলার তদন্তে অগ্রগতি দেখা যাচ্ছে না। এখনো গ্রেপ্তার হয়নি মামলার প্রধান আসামি ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পারভেজ। এতে বোরহানের স্বজনেরা মামলার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।বোরহানউদ্দিনের বড় ভাই রায়হানউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কেউ আমাদের খোঁজ নিচ্ছে না। আমি নিজের সংসার, মা ও ছোট ভাইকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। মামলা নিয়ে দৌড়াদৌড়ি করার সুযোগ পাই না।’রায়হান বলেন, ‘বোরহান পুলিশ কর্মকর্তা ছিল, তবুও মামলার তদন্তে আশানুরূপ ফল পাচ্ছি না। মাদক কারবারি ধরতে গিয়ে খুন হলেও আমরা কোনো সরকারি অনুদান পাইনি। শুনেছি ছুরিকাহত হওয়ার সময় বোরহান দায়িত্বরত ছিল না বলে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উল্লেখ করেছেন। ফলে সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছি।’তবে মিরসরাই থানার বর্তমান ওসি (প্রশাসন) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, ‘এএসপি মহোদয় বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে যোগাযোগ করছেন। সরকারি অনুদান পাওয়া যাবে বলে আশা করছি।’ মামলার প্রধান আসামি পারভেজকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের দিক থেকে কোনো অবহেলা নেই বলেও দাবি করেন ইফতেখার।মিরসরাই থানা সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল রাতে ওই থানার তৎকালীন এসআই নাসিরউদ্দিন একটি ফোন পেয়ে বোরহানকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ীকে ধরতে যান পূর্ব হিঙ্গুলী ইউনিয়নে। পারভেজ নামের একজন মাদক ব্যবসায়ীকে বোরহানউদ্দিন জাপটে ধরতে গেলে তিনি বোরহানের বুকে ছুরি চালান। এ ঘটনার পর ওসি হুমায়ুন কবির ও নয়জন পুলিশ কর্মকর্তাকে শাস্তি হিসেবে দেশের বিভিন্ন থানায় বদলি করা হয়। গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে।গ্রেপ্তার আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেছেন, ‘পুলিশ নয়, প্রতিপক্ষের লোক ভেবে বোরহানের বুকে ছুরি চালায় পারভেজ।’ তাঁরা বলেন, ‘পারভেজসহ চার-পাঁচজন একটি ঝোপের আড়ালে বসে মাদক কেনাবেচা নিয়ে ব্যস্ত ছিল। বোরহান এগিয়ে গিয়ে পারভেজকে ধরতে চাইলে সে তার বুকে ছুরিকাঘাত করে।’ নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন, এর চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ আসামিও পুলিশ দ্রুত ধরে প্রমাণ করেছে, পুলিশ চাইলে সব পারে। কিন্তু বোরহান হত্যার আসামি ধরতে বিলম্ব হওয়ার বিষয়টি তাদের অনাগ্রহকে প্রকাশ করছে।