কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পাঁচ বছরের শিশু রওনককে গলা কেটে হত্যা ও তার মাকে কুপিয়ে জখম করার ঘটনার প্রধান আসামি ইতেসাত নঈম ওরফে বর্ষণকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে৷ গতকাল বুধবার দুপুরে কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে৷
এর আগে সকাল ১০টার দিকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ হয়৷ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন৷
সমাবেশে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক৷ পরে হত্যাকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জে এম এরশাদ আহসানের কাছে একটি স্মারকলিপি পেশ করেন৷
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মইন মো. দিলওয়ার হাসান জানান, গতকাল কক্সবাজারে পুলিশ ইতেসাত নঈমকে গ্রেপ্তার করে৷ এর আগে গত মঙ্গলবার পুলিশ তাঁর বাবা আজাদুল আলম (৬০), মা মাজেদা বেগম (৪৮) ও জ্যাঠা জাওয়াদুল আলমকে (৬৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠায়৷
১৫ জুন রাতে সন্ত্রাসীরা ভূরুঙ্গামারী উপজেলা সদরে সাদ্দামের মোড় এলাকার ব্যবসায়ী রোকনুজ্জামানে বাড়িতে ঢুকে রওনককে গলা কেটে হত্যা করে৷ এ সময় তার মা পারভীন আক্তার (৩০) এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়৷ মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এ ঘটনায় ১৬ জুন রোকনুজ্জামান বাদী হয়ে প্রতিবেশী ইতেসাত নঈমকে প্রধান আসামি করে আরও পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন৷