ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান হত্যা মামলার প্রধান আসামি বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হুমায়ুন কবিরকে (৪৫) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ভৈরবনগর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারকারী নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, ভৈরবনগর বাজারের একটি চায়ের দোকানে বসে হুমায়ুন কবির চা খাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবনগর বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রধান আসামি হুমায়ুন কবির ২০০৯ সালে হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন। এ নিয়ে এ হত্যা মামলায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হলো।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৭ অক্টোবর সকালে নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজারের অদূরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিল্লুর রহমান (৪৮) প্রতিপক্ষ হুমায়ুন কবিরের লোকজনের হাতে নৃশংসভাবে খুন হন। হত্যাকাণ্ডের পর নিহত জিল্লুরের ছেলে মাহবুবুর রহমান হুমায়ুন কবিরকে প্রধান আসামি করে ৫৫ জনের নাম উল্লেখ করে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন।