প্রধান আসামি বোরকা পরা অবস্থায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ফাহিম সুপার মার্কেটে ব্যবসায়ী আবদুর রাজ্জাককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি রুবেল অবশেষে গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার রাতে ওই মার্কেটে ঢুকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ছদ্মবেশে পালানোর সময় নৈশপ্রহরীর হাতে ধরা পড়েন তিনি।

রুবেল (২৫) মার্কেটটির মালিক আশরাফ পাহাড়ির ছেলে। এ নিয়ে এই মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনই গ্রেপ্তার হলেন। পলাতক শুধু আশরাফ পাহাড়ি। সাত দিনের রিমান্ড চেয়ে রুবেলকে শনিবার টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়। গত ১৪ জুলাই খুন হন ব্যবসায়ী রাজ্জাক (৩০)। ওই দিন বেলা আড়াইটার দিকে ফাহিম সুপার মার্কেটের দোতলায় ঈদবাজারের ক্রেতা-বিক্রেতাদের সামনে রাজ্জাককে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। রুবেল তাঁর সহযোগীদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

দীর্ঘ প্রায় আড়াই মাসেও প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ নিহত ব্যক্তির পরিবার। মামলার বাদী ব্যবসায়ী রাজ্জাকের মা রাজিয়া খাতুন বলেন, পুলিশ না পারলেও নৈশপ্রহরী নবীতুল্লাহ রুবেলকে ধরতে পেরেছেন। এ জন্য তাঁকে পুরস্কার দেওয়া দরকার। কারণ, ওই রাতে রুবেল পালিয়ে যেতে পারলে পাসপোর্ট তৈরি করে বিদেশে চলে যেতেন।

ফাহিম সুপার মার্কেটের নৈশপ্রহরী নবীতুল্লাহর বর্ণনা অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মার্কেটের সাঁটার খোলার শব্দ পান তিনি। লাঠি নিয়ে প্রস্তুতি নেওয়ার সময় দেখতে পান, বোরকা পরা এক লোক দৌড়ে পালানোর চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে তিনি ধাওয়া করে উপজেলা পরিষদের ফটকের ভেতরে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সহযোগিতায় লোকটিকে ধরে ফেলেন। পরে বোরকা খুলে তাঁরা রুবেলকে দেখতে পান। তখন রুবেল তাঁর পায়ে ধরে ক্ষমা চেয়ে পলিথিনে মোড়ানো টাকার ব্যাগ দেখিয়ে বলেন, এখানে দুই লাখ টাকা আছে। তাঁকে ছেড়ে দিলে এই টাকা দেওয়া হবে। কিন্তু তিনিসহ আনসারদের কেউই সেই প্রস্তাবে রাজি হননি। পরে তাঁরা থানায় খবর দেন।