প্রধান আসামি ভারতে গ্রেপ্তার পতাকা বৈঠক করে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডেসটিনির টাকা নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছেন। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত বুধবার তাঁকে আটক করে। বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন কসবার পশ্চিম ইউনিয়নের আকছিনা কোল্লাবাড়ি গ্রামের রঙ্গু মিয়ার ছেলে আবুল হাসেম। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের রঙ্গু মিয়ার পক্ষের আরিফ মিয়া (২২) বহুধাপ বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনির বৃক্ষরোপণ প্রকল্পের নামে পাঁচজনের কাছ থেকে ৪৫ হাজার টাকা নেন। দেশব্যাপী ডেসটিনির কার্যক্রম নিয়ে আতঙ্ক দেখা দিলে ১ নভেম্বর এই গ্রাহকেরা ডেসটিনির কর্মী আরিফকে টাকা নেওয়ার বিষয়ে লিখিত দেওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত হন তারু মিয়া। খুনের ঘটনায় রঙ্গু মিয়ার ছেলে আবুল হাসেমকে প্রধান আসামি করে মোট আটজনের বিরুদ্ধে কসবা থানায় ২ নভেম্বর মামলা করা হয়। কসবা থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণলাল ঘোষ প্রথম আলোকে জানান, গ্রেপ্তার এড়াতে ভারতে পালিয়ে যাওয়ার পথে কসবা সীমান্তের ২০৩৯ পিলারের কাছে কমলাসাগরপাড় থেকে বুধবার রাতে হাসেমকে আটক করে বিএসএসফ। বৃহস্পতিবার দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তর করা হয়। এই বৈঠকে কসবা থানার পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এসআই কৃষ্ণলাল আরও জানান, সাত দিনের রিমান্ড চেয়ে হাসেমকে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।