প্রধান আসামি মাহতাব রিমান্ড শেষে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি জাতীয়তাবাদী তাঁতী দলের নেতা মাহতাব উদ্দিন চৌধুরীকে রিমান্ড শেষে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে৷
আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মাহতাবকে ফেনীর আমলি আদালতের বিচারক মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান৷ অপর দিকে মাহতাবের আইনজীবীরা জামিনের আবেদন করেন৷ উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত দুটি আবেদনই নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷
জাতীয়তাবাদী তাঁতী দলের জেলা শাখার আহ্বায়ক মাহতাবকে গত ২৭ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করে৷ পরদিন তাঁকে ফেনীর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত মঙ্গলবার আরও এক দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত৷ মাহতাব গত উপজেলা নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী ছিলেন।