প্রধান আসামি ময়েজ শেঠ জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোনায়েমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ময়েজ শেঠ ওরফে ময়েজ আহমদকে জেলহাজতে পাঠানো হয়েছে। সিলেটের জেলা ও দায়রা জজ আদালত গতকাল বুধবার ময়েজ শেঠের জামিন বাতিল করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ ও আদালত সূত্র জানায়, মোনায়েমুল ইসলাম (৪৮) বিয়ানীবাজার থানার ওসি থাকা অবস্থায় লাউতা ইউনিয়নের কালাউরা গ্রামে একটি সংঘর্ষ থামাতে গিয়ে ২০০৯ সালের ১৬ জুন রাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন বাদী হয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী ময়েজ শেঠসহ ২১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার ২১ আসামির মধ্যে ময়েজের ভাই ফয়েজ আহমদসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে। ময়েজ শেঠের গুলিতেই ওসি মোনায়েমুল নিহত হন বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ওই তিন আসামি। গত ১ মার্চ পুলিশ ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর থেকে ময়েজ শেঠ আত্মগোপনে ছিলেন। পুলিশ অভিযোগপত্র দাখিল করার পর তিনি উচ্চ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ময়েজ গত ৫ আগস্ট সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর করেন। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে ময়েজের জামিন বাতিলের আবেদন করেন। জেলা ও দায়রা জজ মমিনউল্লাহ শুনানি শেষে গতকাল জামিন বাতিল করে ময়েজকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক প্রথম আলোকে বলেন, ময়েজ শেঠই তাঁর বাবার বন্দুক দিয়ে ওসি মোনায়েমুলকে গুলি করেন বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে।