নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ১৪ ডিসেম্বর আওয়ামী লীগের সাংসদ আসাদুজ্জামান নূরের (বর্তমানে সংস্কৃতিমন্ত্রী) গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি।
এদিকে সাতক্ষীরায় গতকাল যৌথ বাহিনীর সঙ্গে ‘গুলিবিনিময়ে’ আবু হানিফ ওরফে ছোটন (১৬) নামের এক শিবির কর্মী নিহত হয়েছে।
নীলফামারী প্রতিনিধি জানান, গতকাল নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আরাজী গ্রামে বিএনপির নেতা রাব্বানীর লাশ পাওয়া যায়। পরিবারের অভিযোগ, ১৫ জানুয়ারি র্যাব তাঁকে তুলে নিয়ে যায়। সেই থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার রায় জানান, সকাল সাতটার দিকে ইউনিয়ন পরিষদের অদূরে আরাজী গ্রামে নীলফামারী-ডোমার সড়কের পাশে বাঁশঝাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এটি গোলাম রাব্বানীর লাশ বলে তাঁর স্বজনেরা নিশ্চিত করেছেন। রাব্বানী লক্ষ্মীচাপের দুবাছুড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার জানান, গত ১৪ ডিসেম্বর বিকেলে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার ১ নম্বর আসামি ছিলেন গোলাম রাব্বানী। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরিদর্শক বলেন, ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে মৃতের মুখমণ্ডলে জখমের চিহ্ন রয়েছে।
গোলাম রাব্বানীর মা রহিমা বেগম অভিযোগ করেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঠুনঠুনিয়া গ্রামে তাঁর (রহিমা বেগম) মামা আলী হোসেন ও মিয়া হোসেনের বাড়ি থেকে গত বুধবার ভোরে রাব্বানীকে তুলে নিয়ে যায় র্যাব। সেই থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ক্ষোভ প্রকাশ করে রহিমা বেগম বলেন, ‘আমার ছেলে অপরাধী, এ জন্য আমিও তাঁর বিচার চাই। কিন্তু এভাবে নয়। তাঁকে র্যাব নিয়ে গেছে বলে আমার মামা জানিয়েছিল।’
সদর উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবুল কাশেম অভিযোগ করেন, রাব্বানী বিএনপির সশস্ত্র ক্যাডার। ১২ জানুয়ারি রাতে তাঁর নেতৃত্বেই লক্ষ্মীচাপের কাচারিবাজার ও বেলতলী বাজার এবং সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালানো হয়। ১৪ ডিসেম্বরের হামলায়ও তিনি নেতৃত্ব দেন।
১৪ ডিসেম্বর সাংসদ নূর নীলফামারীর পলাশবাড়ী ও লক্ষ্মীচাপ ইউনিয়নে হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের বাড়িঘর পরিদর্শন করে ফেরার পথে টুপামারি ইউনিয়নের রামগঞ্জ বাজারে তাঁর গাড়িবহরে হামলা চালান বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এতে নূর অক্ষত থাকলেও আওয়ামী লীগের চার নেতা-কর্মী ও এক পথচারী নিহত হন। এ ঘটনায় সদর থানার পরিদর্শক বাবুল আকতার বাদী হয়ে ওই দিন রাতেই বিএনপির নেতা রাব্বানীকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড় হাজার ব্যক্তির নামে মামলা করেন।
আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানান, মামলার পর থেকে রাব্বানী তেঁতুলিয়ার ঠুনঠুনিয়া গ্রামে দূরসম্পর্কের নানা মিয়া হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। গত বুধবার ভোরে ১৫-১৬ জন সাদাপোশাকধারী ব্যক্তি র্যাব পরিচয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে ধরে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ফজরের আজানের পরপরই র্যাবের একটি গাড়ি ঠুনঠুনিয়া গ্রামের মসজিদের পাশে এসে থামে। গাড়ি থেকে ১৫-১৬ জন লোক নেমে হেঁটে মিয়া হোসেনের বাড়িতে গিয়ে রাব্বানীকে আটক করে নিয়ে যান। এ সময় ওই লোকেরা র্যাব পরিচয় দিয়ে বলেন, রাব্বানীর বিরুদ্ধে মামলা আছে। তাঁকে রংপুর নিয়ে যাওয়া হবে।
মিয়া হোসেনের স্ত্রী রহিমা খাতুন জানান, ১৫-১৬ জন লোক এসে রাব্বানীকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তাঁরা তাঁকে ঘুম থেকে তুলে ধরে নিয়ে যান। সবার কাছে অস্ত্র ছিল।
ওই দিন স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়া গ্রামবাসী হবিবর রহমান বলেন, তিনি মসজিদের পাশের রাস্তায় র্যাবের একটি গাড়ি ও র্যাবের দুজন সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন।
তবে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজকুমার রায় বলেন, র্যাব কাউকে আটক বা গ্রেপ্তার করলে সংশ্লিষ্ট থানায় তথ্য জানানোর কথা। কিন্তু এমন কোনো তথ্য তাঁর জানা নেই।
এ ব্যাপারে কথা বললে র্যাব-১৩ রংপুর অঞ্চলের উপ-অধিনায়ক লে. কমান্ডার মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ‘পঞ্চগড়ে র্যাবের কোনো ক্যাম্প নেই। র্যাবের পক্ষে কোনো অপারেশন চালাতে হলে আমাদের অনুমতি নেওয়া দরকার। কিন্তু কেউ কোনো অনুমতি নেয়নি। বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে দেখছি।’
সাতক্ষীরায় শিবির কর্মী নিহত: সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল জেলায় যৌথ বাহিনীর সঙ্গে কথিত ‘গুলিবিনিময়ে’ আবু হানিফ ওরফে ছোটন নামের এক শিবির কর্মী নিহত হয়েছে। আবু হানিফের বাড়ি সদর উপজেলার পদ্মশাঁখরা গ্রামে। সে স্থানীয় শহর আলীর ছেলে ও ভোমরা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের ভাষ্য অনুযায়ী, ফজরের আজানের আগে পদ্মশাঁখরা গ্রামের একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সংগঠিত হচ্ছিলেন। খবর পেয়ে যৌথ বাহিনী ওই গ্রামে যায়। এ সময় পূর্ব ভোমরা এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে পেট্রলবোমা ও ককটেল হামলা চালান এবং গুলি ছোড়েন। পুলিশ পাল্টা গুলি চালালে একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যান। ওসি বলেন, তখন যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে শিবির কর্মী হানিফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি এনামুল হক বলেন, হানিফ নির্বাচনের আগে ১ জানুয়ারি একজন প্রার্থীর প্রচারণায় ব্যবহূত তিনটি মোটরসাইকেল এবং ভোমরা বন্দর এলাকায় ট্রাকে আগুন দেওয়াসহ কয়েকটি সহিংস ঘটনায় জড়িত ছিল।
জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, আবু হানিফ শিবিরের কর্মী। শুক্রবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভোরে (গতকাল) পূর্ব ভোমরা এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায়, গুলিবিদ্ধ হয়ে সে মারা গেছে।