মাগুরায় মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সেন সুমন জামিনে মুক্তি পেয়েছেন। গত সোমবার দুপুরে তিনি মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পান। এ নিয়ে মামলার ১৭ জন অভিযোগপত্রভুক্ত আসামির মধ্যে ১২ জন জামিনে মুক্তি পেলেন।
মাগুরা জেলা কারাগারের সুপার মো. তায়েফ উদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, সেন সুমন উচ্চ আদালত থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। জামিনের আদেশটি মাগুরার মুখ্য বিচারিক হাকিম মো. ইসমাঈল হোসেনের স্বাক্ষরের পর কারাগারে পৌঁছায় গত রোববার সন্ধ্যায়। ওই জামিনের কাগজে ভুল ছিল। ভুল সংশোধনের পর যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে সোমবার দুপুরে সেন সুমনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
গত বছরের ২ আগস্ট ঢাকার কল্যাণপুরে এক বন্ধুর বাসা থেকে র্যা ব সদস্যরা সেন সুমনকে আটক করেন। এত দিন তিনি মাগুরা জেলা কারাগারে বন্দী ছিলেন। তিনি মাগুরা জেলা ছাত্রলীগের সহসভাপতি।
জেল সুপার বলেন, ওই মামলার চার আসামি মুহম্মদ আলী আকবর ওরফে আলী, তৈয়বুর রহমান তোতা, আয়নাল শেখ ও মিল্টন মল্লিক টুটুল কারাগারে রয়েছেন। এ ছাড়া উচ্চ আদালত থেকে জামিন পেয়ে গত দুই মাসে সেন সুমনসহ মামলার ১২ আসামি কারাগার থেকে বেরিয়ে গেছেন।
গত বছরের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় জঠরে গুলিবিদ্ধ হন আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা বেগম। আর গুলিতে নিহত হন নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া। ওই দিন রাতে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নাজমা গুলিবিদ্ধ কন্যাশিশু জন্ম দেন। পরদিন সংকটাপন্ন অবস্থায় শিশুটির চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শিশুটির নাম রাখা হয় সুরাইয়া। গুলির কারণে সুরাইয়ার ডান চোখ নষ্ট হয়ে গেছে।
এ ঘটনায় সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করা হয়। আসামিরা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী ও সমর্থক। এ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি পৌর ছাত্রলীগের নেতা মেহেদী হাসান আজিবর গত ২০ আগস্ট রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। পরে পুলিশ তদন্ত শেষে গত ৩০ নভেম্বর ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে আদালতে।
জেলা আদালতে পুলিশের পরিদর্শক ফাউঝুল কবির গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, মামলার বিচারিক কার্যক্রম এখনো শুরু হয়নি। নথি বিচারিক আদালতে বদলির পর বিচারিক কার্যক্রম শুরু হয়। সাধারণ মামলার সব আসামি গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণের পর ওই প্রক্রিয়া শুরু করা হয়। মামলায় মোট ৫৮ জনকে সাক্ষী করা হয়েছে।
নিহত মমিন ভূঁইয়ার ছেলে ও মামলার বাদী রুবেল ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, বিচার শুরুর আগেই একের পর এক আসামির জামিনের ফলে মামলার ন্যায়বিচার বাধাগ্রস্ত হতে পারে। এ ছাড়া আক্রান্ত পরিবারগুলোর নিরাপত্তাহীনতার আশঙ্কা সৃষ্টি হচ্ছে।
আলোচিত এ মামলাটি তদন্ত করেন মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক। তিনি বলেন, গ্রেপ্তার ও আদালতে আত্মসমর্পণের পর অভিযোগপত্রভুক্ত ১৬ আসামি জেলহাজতে ছিলেন। কেবল ‘বন্দুকযুদ্ধে’ নিহত মেহেদী হাসান আজিবরের ভাই মো. মুজিবর রহমান রতন ওরফে মুজিবর এখনো পলাতক রয়েছেন।
এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন সেন সুমন, মো. আলী আকবর ওরফে আলী, মো. মুজিবর রহমান রতন, সুমন আলী মিঠু, ফরিদুর রহমান ফরিদ, মো. সাগর, বাপ্পী গাজী, ইলিয়াস মিয়া, মো. সোহেল মিয়া, লিটন মল্লিক, মিল্টন মল্লিক টুটুল, নজরুল শেখ, মো. সোবহান, মো. সোলায়মান জোয়ার্দার (২৮), শেখ মো. তৈয়বুর রহমান তোতা, মো. মুন্না ও আয়নাল শেখ (৩৮)।