কিশোরগঞ্জে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের ভল্ট থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুটের ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
ব্যাংক লুটের ঘটনার প্রায় দুই বছর পর গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হামিদুল ইসলামের আদালত এ রায় দেন। মামলার অভিযোগ গঠনের দিনই সোহেল রানা অভিযোগ স্বীকার করায় তাঁকে এ দণ্ড দেন আদালত।
কিশোরগঞ্জ আদালতের সহকারী কৌঁসুলি রামেন্দ্র চন্দ্র তালুকদার বলেন, সোহেল রানাকে কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার বাকি তিন আসামি সোহেল রানার ছোট ভাই ইদ্রিছ মুন্সী, স্ত্রী মাহিলা আক্তার ও মামাশ্বশুর সিরাজ উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
২০১৪ সালের ২৬ জানুয়ারি মাটির তলা দিয়ে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় প্রবেশ করেন সোহেল রানা। ভল্ট ভেঙে তিনি ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করেন। তাঁকে কয়েক দিন পরই ঢাকার কদমতলী থেকে ১৬ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৩৮০ টাকাসহ গ্রেপ্তার করে র্যা ব। পরে স্বীকারোক্তি অনুযায়ী আরও আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আমানুল্লাহ শেখ বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা করেন। র্যা ব-১৪-এর এএসপি রাজীব কুমার দেব তদন্ত শেষে সোহেল রানাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী কৌঁসুলি রামেন্দ্র চন্দ্র তালুকদার ও সোনালী ব্যাংকের নিযুক্ত আইনজীবী ছিলেন এ বি এম লুৎফর রশিদ।