প্রধান আসামি সোহেল পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একই পরিবারের চারজনের ওপর এসিড হামলা মামলার প্রধান আসামি মো. সোহেল রানাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালুয়া গ্রামে ফুপুর বাড়ি থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দুপুরে তাঁকে ঢাকা জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রুমন জানান, সোহেলকে রিমান্ডে এনে শনিবার রাত থেকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সোহেলের বড় বোন আসমার সঙ্গে তাঁর সতীন নাজমা বেগমের (২৫) দ্বন্দ্ব চলছিল। পূর্বশত্রুতার জের ধরে সোহেল ও তাঁর পরিবারের লোকজন নাজমাসহ চারজনের ওপর এসিড নিক্ষেপ করে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে। প্রসঙ্গত, ১০ ডিসেম্বর দিবাগত রাতে এসিড হামলায় দগ্ধ হন নাজমা, তাঁর বোন সুরাইয়া বেগম (৩০) ও আসমা বেগম (২৩) এবং আসমার ১১ মাস বয়সী মেয়ে আফসানা। এ ঘটনায় আহত তিন বোনের ভাই বোরহান উদ্দিন নাজমার সতীন আসমা ও তাঁর তিন ভাই সোহেল, হারুন, আনুর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। পুলিশ শুধু আসামি হারুন ও সোহেলকে গ্রেপ্তার করতে পেরেছে।