সুড়ঙ্গপথে কিশোরগঞ্জের সোনালী ব্যাংক প্রধান শাখার ভল্ট থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির প্রধান আসামি হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া হাবিবুরের ছোট ভাই ইদ্রিছ মুন্সী, স্ত্রী মাহিলা আক্তার, ব্যাংকের এমএলএসএস আবুবকর সিদ্দিক এবং টাকা বহনকারী ট্রাকের হেলপার আলমগীরের বিরুদ্ধেও পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
র্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের সহকারী পরিচালক (এএসপি) রাজীব কুমার দেব খোয়া যাওয়া টাকা উদ্ধারে টিএফআইয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) আদালতে প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে কিশোরগঞ্জের ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ হোসেন ওই রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ জানুয়ারি বেলা আড়াইটার দিকে সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ প্রধান শাখার ভল্ট থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুটের বিষয়টি ধরা পড়ে। ওই শাখার দায়িত্বশীল দুই কর্মকর্তা ভল্টের দুটি কক্ষের ভেতরে টেবিলের ওপর রক্ষিত টাকা দেখতে না পেয়ে এবং কক্ষের মেঝেতে গর্ত দেখে টাকা চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে ওই দিনই সদর মডেল থানায় ব্যাংকের ডিজিএম শেখ মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে একটি মামলা করেন।
প্রথমে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেককে। পরে উচ্চ আদালতের আদেশে বর্তমানে র্যাব মামলাটির তদন্ত করছে।
পরে গত ২৮ জানুয়ারি রাজধানীর শ্যামপুর থেকে হাবিবুর ও ইদ্রিছকে গ্রেপ্তার করে র্যাব। লুট করা ১৬ কোটি ৪০ লাখ টাকার মধ্যে তাঁদের কাছ থেকে ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করা হয়। ওই দিনই তাঁদেরকে কিশোরগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে সাত দিনের রিমান্ডে পুলিশি জিজ্ঞাসাবাদে হাবিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি রাজধানীর কদমতলীর একটি বাসা থেকে উদ্ধার হয় আরও আড়াই লাখ টাকা।
রাজীব কুমার দেব রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে গতকাল জানান, দু-এক দিনের মধ্যে আসামিদের কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে টিএফআই সেলে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।