সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুটের মূল হোতা হাবিবুর রহমান ওরফে সোহেল অপরাধ স্বীকার করেছেন। তিনি কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলাউল আকবরের কাছে গতকাল শনিবার বিকেলে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় প্রায় তিন ঘণ্টাব্যাপী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্র জানায়, সোহেলকে নিয়ে গতকাল দুপুরে র্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) রাজীব কুমার দেবের নেতৃত্বে র্যাবের একটি দল কিশোরগঞ্জ শাখা সোনালী ব্যাংকে যায়। তাঁরা সেখানকার ভল্টে প্রবেশের জন্য সুড়ঙ্গপথ তৈরিতে ব্যবহূত সরঞ্জাম এবং লুট করা টাকা বহনের বস্তা সংগ্রহের স্থান প্রভৃতি নিয়ে সোহেলকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।
আদালত সূত্র জানায়, ছুটির দিনে নির্ধারিত আদালতের হাকিমের অনুপস্থিতিতে বিচারিক হাকিম জবানবন্দি নেন। এতে অন্য কাউকে জড়িয়ে বক্তব্য দেননি সোহেল, এমনকি নিজের তৃতীয় স্ত্রী মাহীমা বেগমকেও না। তবে সোহেল উল্লেখ করেন, তাঁর মামাশ্বশুর সিরাজ উদ্দিন ভূঞা ওই ব্যাংক লুটের ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন।
সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ভাড়াবাড়ির একটি কক্ষের ভেতর থেকে ব্যাংকের ভল্টের ভেতর পর্যন্ত দীর্ঘ একটি সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া যায় গত ২৬ জানুয়ারি। পরে ভল্টের টাকা গুনে ব্যাংক কর্তৃপক্ষ ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট হয়েছে বলে নিশ্চিত হয়। সোহেল ওই ভবনের একটি বাসায় ভাড়াটিয়া ছিলেন। ঘটনার দুই দিন পর ঢাকার শ্যামপুরের একটি বাসা থেকে তাঁকে এবং তাঁর ভাই ইদ্রিছ মুন্সিকে ১৬ কোটি ১৯ লাখ টাকাসহ গ্রেপ্তার করে র্যাব। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন টাকা লুটের অন্যতম ইন্ধনদাতা সিরাজ উদ্দিন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ২৬ জানুয়ারি মামলা করে। এতে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।