প্রধান আসামিকে গ্রেপ্তারে আদালতে বাদীর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার প্রধান আসামি আজমেরী ওসমানকে গ্রেপ্তারে আদালতে আবেদন করেছেন মামলার বাদী নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম অশোক কুমার দত্তের আদালতে এ আবেদন করা হয়।
বাদীপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান ওরফে মাসুম বলেন, গতকাল ছিল ত্বকী হত্যা মামলার নিয়মিত শুনানির দিন। বাদী আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, ২০১৩ সালের ১২ নভেম্বর নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মামলার আসামি সুলতান শওকত ওরফে ভ্রমর বলেন, একই বছরের ৬ মার্চ শহরের কলেজ রোডে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে খুন করা হয়েছে। ত্বকীকে খুনের পর বস্তাবন্দী লাশ আজমেরী ওসমানের গাড়িতে তুলে চারার গোপে নিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। আসামির স্বীকারোক্তির পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজমেরী ওসমানকে গ্রেপ্তার করছে না। আজমেরী ওসমান তাঁর ক্যাডার বাহিনী নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং বাদীর কুশপুত্তলিকা দাহ করছেন ও তাঁর জিব কেটে ফেলার হুমকি দিচ্ছেন। এতে বাদী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মাহবুবুর বলেন, গত তিন বছরেও ত্বকী হত্যার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়নি। বর্তমানে র্যা ব মামলাটি তদন্ত করছে। মামলার বাদী আদালতে আবেদনে জানিয়েছেন, মামলার অভিযোগপত্র যেন দ্রুত আদালতে দাখিল করা হয়।
ত্বকী হত্যা মামলায় বর্তমানে দুই আসামি সালেহ রহমান ওরফে সীমান্ত ও ইউসুফ হোসেন ওরফে লিটন কারাগারে রয়েছেন। তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন। এদিকে আসামি সুলতান শওকত উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে বিদেশে পালিয়ে গেছেন।
২০১৩ সালের ৬ মার্চ বাসা থেকে বের হওয়ার পর ত্বকীকে অপহরণ করা হয়। এর দুই দিন পর চারার গোপে শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়।