প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গৃহবধূ ফাতেমা আক্তারকে পুড়িয়ে হত্যার অভিযোগে হওয়া মামলার প্রধান আসামি সোহরাব হোসেনকে গ্রেপ্তার ও তাঁকেসহ মামলার অপর আসামিদের ফাঁসির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। এই দাবিতে তাঁরা গতকাল রোববার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

মামলার বাদী গৃহবধূর বাবা নাজিম উদ্দিন ফকির অভিযোগ করেন, উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর গ্রামের দিনমজুর বাচ্চু মিয়ার কাছে গত দেড় বছর আগে তিনি ফাতেমাকে বিয়ে দেন। বিয়ের পর থেকে প্রতিবেশী হাফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে সোহরাব উদ্দিন (৪৫) ফাতেমাকে উত্ত্যক্ত করা শুরু করেন। তাঁর মেয়ে এ বিষয়ে সোহরাবের অভিভাবকদের কাছে বিচার দিলে তিনি (সোহরাব) ক্ষিপ্ত হন। গত ৩০ জুন সাহরির পর প্রাকৃতিক কাজ সেরে বসতঘরে ফেরার সময় ফাতেমার শরীরে আগুন ধরিয়ে দেন সোহরাব হোসেন। গত ১১ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যান।

নাজিম উদ্দিন অভিযোগ করেন, ফাতেমা চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি সোহরাব হোসেনসহ তিনজনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ মামলার অপর দুই আসামি সোহরাবের দুই ভাই কামরুজ্জামান ও হিরা মিয়াকে গ্রেপ্তার করে। কিন্তু ঘটনার ৫২ দিন পরও পুলিশ সোহরাবকে গ্রেপ্তার করতে পারেনি।

 ফাতেমা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে না পারায় মধুপুর গ্রামের শতাধিক লোক গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে এসে প্রথমে বিক্ষোভ মিছিল ও পরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টা খানেক মানবববন্ধন করেন।

প্রধান আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ার বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, মুঠোফোন নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে সোহরাবের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।