ময়মনসিংহ শহরে বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাশেদুজ্জামান ওরফে লিয়ন (১৪) হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, লিয়ন হত্যার ১৭ দিন পার হয়ে গেলেও পুলিশ নাঈমকে গ্রেপ্তার করতে পারেনি। এ কারণে নাঈমকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ফটকের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে পূর্ববিরোধের জের ধরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে লিয়নকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় লিয়নের সহপাঠী সোহানুর রহমান ও সাকিবুল হাসানসহ চারজনকে আসামি করে মামলা করেন লিয়নের মা।