প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে শিশু তারিন ধর্ষণ মামলার প্রধান আসামি হারুন অর রশিদসহ সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে। জামালপুর সদর উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি শামীমা খান, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, বেসরকারি সংস্থা আইজলের নির্বাহী পরিচালক সাযযাদ আনসারী প্রমুখ।জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পশ্চিমপাড় দিঘুলী গ্রামের তারিন গত ৮ এপ্রিল সন্ধ্যায় ধর্ষণের শিকার হয়। অভিযোগ উঠেছে, প্রতিবেশী দাদন ব্যবসায়ী হারুন অর রশিদ তাকে ফুসলিয়ে শ্যালোমেশিনের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে ফেলে রাখে। ঘটনার নয় দিন পর গত ১৭ এপ্রিল রাতে পাতিলাকুড়া গ্রামে তার বাবার বাড়িতে তারিন মারা যায়।এ ঘটনায় তারিনের দাদি রওশন আরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করেন। মামলায় হারুন অর রশিদ এবং পরবর্তী সময়ে আপস করে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে পশ্চিমপাড় দিঘুলী গ্রামের হাবু মিয়া, জামাল উদ্দিন, আবদুল করিম, আলম মিয়া ও রিপনকে আসামি করা হয়। পুলিশ আসামি আবদুল করিম ও জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে। কিন্তু বাকি আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।