জামালপুরে শিশু তারিনকে ধর্ষণ মামলার প্রধান আসামি হারুন অর রশিদ ওরফে হারুন খোঁড়াসহ পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জেলার ১০টি সংগঠন। দাবি আদায়ে গতকাল বৃহস্পতিবার তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, শিশু সুরক্ষা নেটওয়ার্ক, জেলা আইনজীবী সমিতি, ব্রেকিং দ্য সাইলেন্স, শিশুকল্যাণ কমিটি, উন্নয়ন সংঘ, ইনসার্চ অব লাইট, (আইজল) অপরাজেয় বাংলাদেশ, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা ও মহিলা উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও কর্মীরা গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন। শিশু সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রথম আলোকে বলেন, ‘শিশু তারিনকে ধর্ষণ এবং পরে তার মৃত্যুর ঘটনায় আমরা হতবিহ্বল। স্মারকলিপির মাধ্যমে এ পৈশাচিক ঘটনার সুবিচার চেয়েছি।’ স্মারকলিপি হাতে পেয়ে জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত নির্মম ও হূদয়বিদারক। আসামিদের গ্রেপ্তারের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। সমাজে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, এ জন্য সবাইকে সচেতনও হতে হবে।সদর থানার পরিদর্শক (তদন্ত) রমিজুল হক প্রথম আলোকে বলেন, গত বুধবার গ্রেপ্তার হওয়া আসামি আবদুল করিম ও জামাল উদ্দিনকে গতকাল জামালপুর সদর বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। রমিজুল জানান, মামলার প্রধান আসামি হারুন খোঁড়াসহ পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পশ্চিমপাড় দিঘুলী গ্রামে গত ৮ এপ্রিল সন্ধ্যায় শিশু তারিন ধর্ষণের শিকার হয়। নয় দিন পর গত রোববার রাতে পাতিলাকুড়া গ্রামে বাবার বাড়িতে তারিনের মৃত্যু হয়।