প্রধান আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র, নারাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনার আট মাস পর বগুড়ার শাজাহানপুর উপজেলায় যুবলীগের নেতা মজনু প্রামাণিক ও তাঁর ভাগনে নাহিদ হাসান হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক আরিফুল ইসলাম গত সোমবার বগুড়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন। 

মামলার প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান ওরফে দুলুকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া বাদী নিহত মজনু প্রামাণিকের স্ত্রী সুরভী বেগম আদালতে নারাজির আবেদন করেছেন।

যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাঁরা হলেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু জাফর সিদ্দিকী, কামাল হোসেন ওরফে মিলন, জালাল হোসেন ওরফে ঝন্টু, মিনকো, আলমগীর হোসেন, ছোট শাহীন, আবু হানিফ, সামছুউদ্দিন ওরফে সামছাদ, হাসান, পিয়াস ইসলাম, মিছবাহুল আলম, সুমন ওরফে কালিয়া, সৌরভ হাসান, পিচ্চি রাসেল ও নিকেল। 

পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বছরের ২৬ মে শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে আবু জাফর সিদ্দিকী ওরফে রিপনের বাড়িতে খুন হন জেলা যুবলীগের সদস্য মজনু প্রামাণিক (৪২) ও তাঁর ভাগনে যুবলীগের কর্মী মেহেদী হাসান (৩০)। এ ঘটনায় পরদিন সুরভী বেগম আসাদুর রহমান, আবু জাফর সিদ্দিকীসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সাতজনের নামে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি ডিবি পুলিশে হস্তান্তর করা হয়।

সুরভী বেগম অভিযোগ করেন, ক্ষমতার জোরে ও পুলিশকে টাকা দিয়ে আসাদুর রহমান তাঁর নাম অভিযোগপত্র থেকে বাদ দিয়েছেন। শহিদুল হক নামের আরও একজনের নাম বাদ দেওয়া হয়েছে। পুলিশ মামলাটি সঠিকভাবে তদন্ত করেনি। এমনকি তদন্ত কর্মকর্তা তাঁকে কোনো কিছু না জানিয়ে অভিযোগপত্র দাখিল করেন। জানতে পেরে তিনি নারাজির আবেদন করেছেন।

আসাদুর রহমান টাকা দিয়ে তাঁর নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করার অভিযোগ অস্বীকার করেছেন। তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, হত্যার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। প্রধান আসামি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাঁর বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমাণ করার মতো কোনো সাক্ষী পাওয়া যায়নি। এ কারণে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। বাদীকে অভিযোগপত্র দাখিল করার বিষয়টি জানানো হয়নি, এ কথা ঠিক নয়।