নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল গ্রামে ধান কাটার সময় প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে চার আদিবাসীকে হত্যার ঘটনায় প্রধান আসামিদের নাম বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার নওগাঁর ২ নম্বর আমলি আদালতের বিচারক খোরশেদ আলমের আদালতে ওই অভিযোগপত্র দাখিলের পর এর বিরুদ্ধে মামলার বাদী নারাজি আবেদন করেন।
আবেদন সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক মামলার এজাহারে উল্লেখ করা প্রধান আসামি আবদুছ ছালাম, পিয়ারুল, জিয়ারুল, নাজমা আখতার, এজাদ আলী ও আবদুল লতিফকে বাদ দিয়ে ৩৭ জনের বিরুদ্ধে গতকাল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলার বাদী চকগোপাল গ্রামের আবদুছ ছালাম ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন।
আবদুছ ছালাম অভিযোগ করেন, প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সাক্ষ্য না নিয়ে তদন্তকারী কর্মকর্তা আসামিদের সঙ্গে যোগসাজশ করে ওই অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগ অস্বীকার করে এসআই আবদুর রাজ্জাক বলেন, মামলার তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে। আসামিদের সঙ্গে যোগসাজশ করার প্রশ্নই ওঠে না।
মামলার বাদীপক্ষের কৌঁসুলি মহসীন রেজা বলেন, গত এক বছরেও মামলার বিচার শুরু করা যায়নি। এ ঘটনায় নিহত চার আদিবাসী পরিবার চরম অর্থনৈতিক কষ্টে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি প্রর্দশন করা হচ্ছে। ন্যায়বিচার নিয়ে বাদীর লোকজনের আশঙ্কা বাড়ছে।
একটি জমি নিয়ে আবদুছ ছালামের সঙ্গে একই গ্রামের আবদুছ ছাত্তার ও সুরত জামান, কাশোপাড়া ইউনিয়নের আবদুছ ছালামসহ কয়েকজনের বিরোধ চলছিল। ২০১২ সালের ৪ মে আবদুছ ছালাম ওই জমিতে ধান কাটার জন্য নিয়ামতপুর উপজেলার পুংগি গ্রাম থেকে আদিবাসীদের দিন চুক্তিতে ডেকে আনেন। সকাল সাড়ে আটটার দিকে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে চার আদিবাসীকে হত্যা করে। এ ঘটনায় আবদুছ ছালাম বাদী হয়ে মান্দা থানায় ৪৩ জনকে আসামি করে মামলা করেন।