রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক প্রশাসক ও আওয়ামী লীগের নেতা জিয়াউল হক হত্যা মামলার প্রধান আসামি নয়ন গতকাল বুধবার দুপুরে মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।
আদালত সূত্র জানায়, বেলা একটার দিকে নয়ন মহানগর হাকিম আদালত-১-এ আত্মসমর্পণ করেন। এ সময় তিনি দাবি করেন, জিয়াউল হক নিজের গুলিতেই খুন হয়েছেন। তিনি বিবেকের তাড়নায় আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক সেলিম বাদশা নয়নকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক নয়নের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এই মামলায় গ্রেপ্তার হওয়া অন্য দুই আসামি জসীম উদ্দিন ও রবিউল ইসলামকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ৩০ এপ্রিল তাঁদের আদালতে সোপর্দ করা হয়। ২৪ এপ্রিল রাজশাহহীতে নিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়ে জিয়াউল হক গুলিতে নিহত হন। এ সময় তাঁর কক্ষেই ছিলেন ঢাকার ব্যবসায়ী নয়ন। পাশের কক্ষে ছিলেন জিয়াউলের ব্যবসায়ীক বন্ধু জসীম, রবিউল ও তরিকুল।