প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে পরিকল্পিতভাবে ট্রাক চাপা দিয়ে এক ব্যক্তিকে হত্যা মামলার প্রধান আসামি ট্রাকচালকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার তিনি ৩ নম্বর আমলি আদালত কমলগঞ্জে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করেন।
কমলগঞ্জ থানার এসআই কামাল আহমদ বলেন, ১ ডিসেম্বর তিনজনকে আসামি করে নিহত মঞ্জিল মিয়ার (৬৫) স্ত্রী নেছা বেগম থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গতকাল ট্রাকচালক খালেদ মিয়া (৩৫) আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।
মুন্সীবাজার ইউনিয়নের বিক্রম কলস গ্রামের মঞ্জিল মিয়ার সঙ্গে একই গ্রামের ইসমাইল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। ২২ নভেম্বর দুপুরে ইসমাইলের নির্দেশে ওই জমিতে খালেদ ট্রাক দিয়ে মাটি ফেলতে শুরু করেন। এতে বাধা দিলে খালেদ ট্রাক দিয়ে মঞ্জিল মিয়াকে চাপা দেন।