প্রধান আসামির জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একরামুল হক
একরামুল হক

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে মামলার আরেক আসামি জাহিদ হোসেন চৌধুরীর জামিন স্থগিত করে এক সপ্তাহের মধ্যে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ গতকাল রোববার রাষ্ট্রপক্ষের দুটি আবেদনের শুনানি নিষ্পত্তি করে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মাহতাব উদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।
গত বছরের ২০ মে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হককে ফেনী শহরে গাড়ির ভেতরে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একরামুলের ভাই রেজাউল হক পরে ফেনী থানায় মাহতাব উদ্দিনসহ ৩০-৩৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। চলতি বছরের ২ মার্চ হাইকোর্ট মাহতাব উদ্দিনের স্থায়ী জামিন মঞ্জুর করেন।