প্রধান আসামির জামিন মঞ্জুর বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, দৈনিক খোলা কাগজ-এর জেলা প্রতিনিধি আবদুর রবসহ চারজনের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি টি ইসলামের (তরিকুল ইসলাম) জামিন মঞ্জুর করেছেন আদালত। আমলি আদালত ‘গ’ অঞ্চলের বিচারক জুয়েল অধিকারী গতকাল মঙ্গলবার এ জামিন মঞ্জুর করেন।
এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গতকাল সকালে গোমস্তাপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব।
আমলি আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাচোল থানায় সাংবাদিক আনোয়ার হোসেনের দায়ের করা মামলায় গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন প্রধান আসামি টি ইসলামসহ তিন আসামি। আদালত টি ইসলামের জামিন মঞ্জুর করেন। তবে অপর দুই আসামি মো. বকুল ও মো. সানাউলের জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল সকালে গোমস্তাপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ নাহিদ ইসলাম, সদস্য আতিকুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি শফিকুল ইসলাম, সহসম্পাদক আল-মামুন বিশ্বাস, সদস্য দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।
গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকাড়া গ্রামে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে
ব্যবসায়ী টি ইসলামের ভাড়াটে সন্ত্রাসীরা সাংবাদিক আনোয়ার হোসেন ও আবদুর রব, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা বঙ্গপাল সর্দার ও প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূরের ওপর হামলা চালায়।
এর আগে টি ইসলাম সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের ভোগদখলে থাকা একটি পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলার অভিযোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজনসহ সাংবাদিক আনোয়ার হোসেন, জনকণ্ঠ-এর রাজশাহীর ফটো সাংবাদিকসহ ২৪ জনকে আসামি করে একটি মামলাও দায়ের করেন।