ফেনীর দাগনভূঞা উপজেলার কোরেশমুন্সি বাজার এলাকায় বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাইফুদ্দিন ওরফে লিটুকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত সোমবার রাতে সাইফুদ্দিনকে চট্টগ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার পুলিশ তাঁকে ফেনীর বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৯ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনের ছোট ভাই সাইফুদ্দিন ও তাঁর সহযোগীরা কোরেশমুন্সি বাজার এলাকায় এক বিধবা নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ওই বিধবার সম্পত্তি দখল করতে তাঁর কাছ থেকে দুর্বৃত্তরা পাঁচটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করেছে বলেও অভিযোগ রয়েছে। ১০ সেপ্টেম্বর ওই নারী দাগনভূঞা থানায় সাইফুদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন সাইফুদ্দিনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।