প্রধান আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় আব্বাস আলী (৫২) হত্যা মামলার প্রধান আসামি আছর আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলার বিচারিক হাকিম আদালতের বিচারক আবদুল্লাহ আল-ইউসুফ গত সোমবার ওই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ আদালতে আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করে।
পুলিশ, মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মেদুলিয়া গ্রামে গত ৪ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে বাড়ির বারান্দার কক্ষে ঘুমিয়ে পড়েন আব্বাস আলী। তাঁর স্ত্রী ইয়ারুন আক্তার ওরফে আইরিন দুই শিশুসন্তান নিয়ে অন্য কক্ষে ঘুমাতে যান। রাত দুইটার দিকে বারান্দার কক্ষের দরজা খোলা দেখতে পান বাড়ির লোকজন। ভেতরে ঢুকে তাঁরা রশি দিয়ে দুই হাত বাঁধা অবস্থায় আব্বাসের লাশ দেখতে পান। ৫ ফেব্রুয়ারি সকালে পুলিশ আব্বাসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ওই দিনই (৫ ফেব্রুয়ারি) আব্বাসের ভাতিজা জহিরুল ইসলাম কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই দিন সকালে জিজ্ঞাসাবাদের জন্য আব্বাসের স্ত্রী ইয়ারুনকে আটক করে পুলিশ। পরে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৬ ফেব্রুয়ারি মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে ইয়ারুনকে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে ইয়ারুন বলেন, তাঁর সঙ্গে এক তরুণের (২৮) সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ দেখা দেয়। এ নিয়ে ওই তরুণ ও আব্বাসের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ কারণে আব্বাসকে হত্যার পরিকল্পনা করেন ওই তরুণ। এরপর ওই দিন আব্বাসকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর ডাকাতির চেষ্টার নাটক সাজানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, গত শনিবার এই হত্যা মামলার প্রধান আসামি আছর আলীকে গ্রেপ্তার করা হয়। গত রোববার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তাঁকে হাজির করা হয়। আদালতের বিচারক আবদুল্লাহ আল-ইউসুফ গত সোমবার শুনানির দিন ধার্য করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার আছর আলীকে হাজির করা হলে বিচারক তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আছর আলীকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের আরও তথ্য পাওয়া যাবে। এসব তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।