প্রধান আসামির নাম বাদ দিতে ঘুষ চেষ্টার মামলার অভিযোগপত্র চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় তালসরা দরবার শরিফের টাকা লুটের মামলা থেকে প্রধান আসামির নাম বাদ দিতে তদন্ত কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা মামলার অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এতে দুজনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা হচ্ছেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত ইদ্রিস আলী খানের ছেলে ইমরান আলী খান খসরু ও এই জেলার আল হেলাল মোল্লা টগর (টগর মোল্লা)।
টগর আনোয়ারায় তালসরা দরবার শরিফের টাকা লুট মামলার প্রধান আসামি র‌্যাবের সাবেক অধিনায়ক লে. কর্নেল (বরখাস্ত) জুলফিকার আলী মজুমদারের শ্যালক। এই দুজন লুটের মামলা থেকে জুলফিকারের নাম বাদ দিতে তদন্ত কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন বলে দুদক সূত্রে জানা গেছে। সাবেক এই সেনা কর্মকর্তা জুলফিকার আলী ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পরিচালকেরও দায়িত্ব পালন করেছিলেন।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, টাকা লুটের ঘটনায় ২০১২ সালের ১৩ মার্চ চট্টগ্রামের আনোয়ারা থানায় জুলফিকার আলী মজুমদারকে প্রধান আসামি করে র‌্যাবের কর্মকর্তা ও সোর্সসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলার তদন্ত কর্মকর্তাকে ঘুষ দিয়ে এজাহার থেকে জুলফিকার আলী মজুমদারের নাম বাদ দেওয়ার চেষ্টা করে তাঁর আত্মীয়স্বজন। তখন টগর মোল্লার সঙ্গে পরামর্শ করে ২০১২ সালের ২৫ মে চট্টগ্রামে আসেন ইমরান। ঘুষের এক লাখ টাকা ইমরানের হাতে না দিয়ে এস এ পরিবহনের কাকরাইল শাখা থেকে চট্টগ্রামের নাসিরাবাদ শাখায় পাঠান টগর।
২৫ মে রাত আটটার দিকে এস এ পরিবহনের নাসিরাবাদ শাখায় টাকা তুলতে যান ইমরান। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সেখানে গিয়ে ওত পেতে থাকে। টাকা তোলার পরপরই ইমরানকে হাতেনাতে আটক করে র‌্যাব। এ সময় ইমরানের স্বীকারোক্তি, মুঠোফোন রেকর্ড, এস এ পরিবহনের টাকা প্রদানের রসিদ ইত্যাদি পর্যালোচনা করে টগর মোল্লার সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত হয় র‌্যাব।
পরে এ ঘটনায় র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) নুরুল হুদা বাদী হয়ে টগর মোল্লা ও ইমরানের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেন। ২০১২ সালের ৯ জুলাই মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক শহীদুল আলম সরকারকে। মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম দুদকের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান প্রথম আলোকে জানান, দু-এক দিনের মধ্যেই অভিযোগপত্রটি আদালতে দাখিল করা হবে। এর পরেই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করবেন আদালত। আসামিরা বর্তমানে জামিনে আছেন।
২০১১ সালের ৪ নভেম্বর র‌্যাব-৭ এর তৎকালীন অধিনায়ক জুলফিকারের নেতৃত্বে একটি দল চট্টগ্রামের আনোয়ারায় তালসরা দরবার শরিফে অভিযান চালান। তখন তারা সেখান থেকে দুই কোটি সাত হাজার টাকা লুট করে বলে অভিযোগ ওঠে। এই লুটের ঘটনায় র‌্যাব ৭-এর তৎকালীন অধিনায়ক জুলফিকার নেতৃত্ব দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২০১২ সালের ১৩ মার্চ তালসরা দরবার শরিফের গাড়িচালক ইদ্রিস আলী বাদী হয়ে আনোয়ারা থানায় একটি ডাকাতির মামলা করেন।