প্রধান আসামির বাবাসহ আদালতে আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেদুজ্জামান খালেদ হত্যা মামলার প্রধান আসামি হুমায়ুন কবির তাঁর বাবাসহ আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (দ্বিতীয়) আদালতে হাজির হওয়ার পর আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র খালেদকে গত ২১ জুলাই নগরের একটি বিপণিবিতানের সামনে থেকে অপহরণ করা হয়। চার দিন পর গত ২৫ জুলাই তাঁর হাত-পা বাঁধা লাশ ফেঞ্চুগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ। ওই দিনই এই ঘটনায় খালেদের বাবা গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা গ্রামের মো. ছল্লুছ মিয়া অপহরণ ও হত্যার অভিযোগে হুমায়ুন কবিরকে প্রধান আসামি করে বিয়ানীবাজার থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিলেটের বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর মুর্শেদ জানান, বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের উত্তর চন্দগ্রামের বাসিন্দা হুমায়ুন কবির ও তাঁর বাবা সাহিব উদ্দিন পলাতক ছিলেন। গতকাল সকালে দুজন আদালতে হাজির হয়ে তাঁদের পক্ষের আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করলে তাঁদের কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, হুমায়ুন কবিরের বাবাকে এই মামলার সন্দেহজনক আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বিয়ানীবাজার থানার পুলিশ হুমায়ুন কবিরের মা রিনা বেগম ও তাঁর দুই বোনকে আটক করে। তিনজনকে আটকের পর গতকাল হুমায়ুন কবির বাবাসহ আদালতে আত্মসমর্পণ করেন।