ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার প্রধান আসামি আসিফ ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত-১-এর বিচারক ঋষিকেশ সাহা গত মঙ্গলবার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আবু আব্দুল্লাহ ভূঁইয়া জানান, মঙ্গলবার জামিনে থাকা গৌতম হত্যা মামলার এক নম্বর আসামি আসিফ ইমরান আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম নির্দিষ্ট সময়ে দ্রুত বিচার আদালতে মামলাটি শেষ না হওয়ায় তিনি মামলাটি নিম্ন আদালতে নিয়ে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। আদালত আজ বৃহস্পতিবার এ আবেদনের শুনানির দিন ধার্য করেন।এদিকে গৌতম হত্যা মামলার অপর আসামি আসিফ ইমতিয়াজ ওরফে বুলু গত শুক্রবার একটি ট্রাক চুরির মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কুমিল্লা জেলহাজতে রয়েছেন। বাকি সাতজন আসামি আদালতে হাজির ছিলেন।২০০৫ সালের ১৭ নভেম্বর সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার গৌতম দাসকে ফরিদপুরে নিজ কার্যালয়ে হত্যা করা হয়।