মাগুরায় মা ও তাঁর পেটে থাকা শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার প্রধান আসামি ছাত্রলীগের নেতা সেন সুমনের (৩২) ১০ দিনের রিমান্ডের আবেদনের শুনানি হয়নি। আগামী রোববার রিমান্ডের শুনানি হবে। সেন সুমনসহ গ্রেপ্তার হওয়া তিন আসামিকে গতকাল মঙ্গলবার দুপুরে মাগুরা সদর সহকারী জজ আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, সেখানে চিকিৎসাধীন মা ও শিশুর অবস্থার উন্নতি হচ্ছে। তবে এখনো শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। গুলিবিদ্ধ মা ও শিশুকে গতকাল হাসপাতালে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি সাংবাদিকদের বলেছেন, এ দুজনের চিকিৎসার দায়িত্ব সরকারের।
এই মামলার প্রধান আসামি সেন সুমনকে গত রোববার ঢাকার কল্যাণপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। ওই দিন সন্ধ্যায় মাগুরার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকা থেকে আরেক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। সোমবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মো. সাগর ও তাঁর ভাই মো. বাপ্পীকে গ্রেপ্তার করে ডিবি।
ঢাকায় গ্রেপ্তার হওয়া সেন সুমনসহ তিন আসামিকে সোমবার রাতে মাগুরায় নেওয়া হয়। আসামিদের কাছে সাংবাদিকদের যেতে দেয়নি পুলিশ। ওই সময় ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী পুলিশ সুপারের কার্যালয়ে জড়ো হন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিন আসামিকে আদালতে হাজির করার সময় সেখানে উপস্থিত সাংবাদিকেরা ছবি তুলতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ সেন সুমনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে জ্যেষ্ঠ হাকিম ফারাহ্ মামুন আগামী রোববার শুনানির দিন ধার্য করেন। অন্য দুই আসামি সাগর (২৪) ও বাপ্পীকে (২২) রিমান্ডে নেওয়ার আবেদন করেনি পুলিশ। পরে তিনজনকেই কারাগারে পাঠানো হয়। রোববার মাগুরায় গ্রেপ্তার নজরুলকে সোমবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়।
মাগুরার পুলিশ সুপার এ কে এম এহ্সান উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা সেন সুমনের ১০ দিনের রিমান্ড চেয়েছি। আদালত ৯ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। অন্য আসামিদেরও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
ছাত্রলীগের দুই পক্ষের ওই সংঘর্ষের সময় গুলিতে নিহত মমিন ভূঁইয়ার ছেলে ও মামলার বাদী রুবেল ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘সেন সুমনকে রিমান্ডে না নেওয়ায় আমরা বিস্মিত হয়েছি।’
হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী ও মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ মা নাজমা বেগম ও তাঁর মেয়েকে দেখতে যান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, মায়ের পেটে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নজিরবিহীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মা ও শিশুর চিকিৎসার যাতে কোনো ত্রুটি না হয়, তা দেখার নির্দেশ দিয়েছেন।
অপরাধীদের উপযুক্ত বিচারের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী নাজমা বেগমকে দেখতে যাওয়ার সময় সেখানে তাঁর স্বামী বাচ্চু ভূঁইয়া উপস্থিত ছিলেন। চিকিৎসার পাশাপাশি অন্যান্য সহায়তারও আশ্বাস দেন মন্ত্রী।
মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ নুরুল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক আবদুল হানিফ, সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রীর আগে মেহের আফরোজ হাসপাতালে যান। তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, অপরাধী কোন দলের বা গোত্রের, আপন বা পর তা বিচার করা হবে না। অপরাধী যে-ই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনা হবে। প্রতিমন্ত্রী গুলিবিদ্ধ শিশুটির মায়ের হাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন। প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম উপস্থিত ছিলেন।