প্রধান আসামির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন থেকে গতকাল বৃহস্পতিবার মোস্তাক আহমেদ নামের এক ব্যক্তির (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মোস্তাক পাবনায় তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামি এবং চরমপন্থী সর্বহারা দলের নেতা। গত ২০ জুলাই রাতে পাবনার বেড়া উপজেলার ঢালারচর পুলিশ ফাঁড়ির তিন পুলিশ সদস্যকে হত্যা করে সন্ত্রাসীরা।বেড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে উপজেলার নটোকোলা খাসচরে একদল কৃষক জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধ মৃতদেহটির সন্ধান পেয়ে বেড়া থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এলাকাবাসী মৃতদেহটি মোস্তাকের বলে শনাক্ত করলেও পুলিশ শুরুতে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি।গতকাল সন্ধ্যায় বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান জানান, ঢালারচর ইউপির চেয়ারম্যান আতাউর রহমান মৃতদেহটি মোস্তাকের বলে শনাক্ত করার পর তাঁরা এ বিষয়ে নিশ্চিত হন। তিনি জানান, মোস্তাক সর্বহারা দলের অন্যতম নেতা এবং তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামি।