প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার এবং তাঁর ওপর হামলা চালানোর কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এই ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি সুমন মিয়া (২৫)। গত রোববার নেত্রকোনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১-এ তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সিলেটের হরিপুর এলাকা থেকে অভিযান চালিয়ে গত শনিবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গত রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের আবদুর রাশিদের ছেলে। এর আগে ছেলেকে পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে মামলার অন্য আসামি আবদুর রাশিদকেও পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর বার্ষিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটে সুমন নবম শ্রেণির এক ওই ছাত্রীকে যৌন হয়রানি ও তাঁর ওপর হামলা চালান। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কেন্দুয়া থানায় সুমনকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার অন্য আসামি সুমনের বাবা আবদুর রাশিদ। এ ঘটনা নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
পুলিশ জানায়, সুমন মিয়াকে ধরতে ঘটনার পর থেকে পুলিশ তৎপর ছিল। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিলেটের হরিপুর এলাকা থেকে শনিবার রাত সাড়ে আটটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে কেন্দুয়া থানায় নিয়ে আসা হয়। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য ওই দিনই তাঁকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়।
কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, সুমন মিয়া রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।